Sunday, April 20, 2025

প্যারাবোলা স্যার

📕বই :- প্যারাবোলা স্যার 
✍🏻লেখক :- নারায়ণ সান্যাল 
🔖প্রকাশক :- নাথ 
💸মুদ্রিত মূল্য :- ১২৫টাকা 
📄পৃষ্ঠা সংখ্যা :- ১২৯
📌রেটিং :- ৪.৮/৫

📚সংক্ষিপ্ত বিবরণ :- উপন্যাসের শুরু নিউটন আর তার স্ত্রীর এর দোকান থেকে শাড়ি কেনা নিয়ে। একটার পর একটা শাড়ি দেখে যাচ্ছে সে আর নিউটনের বিরক্তি প্রকাশ পাচ্ছে সর্বক্ষণ। এই নিউটনই প্যারাবোলা স্যার অর্থাৎ সত্যবান স্যারের ছেলে। 
সত্যবানের দুই ছেলে ছিল, ছোটছেলে মারা যাবার পর থেকে হঠাৎ করেই বদল আসল জীবনে। যে সত্যবানকে সবাই এক বাক্যে অঙ্কের মাস্টারমশাই হিসেবে প্যারাবোলা স্যার হিসেবে চিনত সেই সত্যবানের জীবন যে এভাবে অন্ধকারের পথে অগ্রসর হবে কেউ ভাবেনি। উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে দেখা যায় স্ত্রী, ছেলে আর মাকে নিয়ে নিউটন ট্রেনে চেপে বেনারস যাচ্ছে সেখানেই স্টেশনে হঠাৎ বাবা অর্থাৎ সত্যবানের সাথে দেখা। নিউটনের যে ছেলে হয়েছে তা সত্যবান জানতেন। নাতিকে দেখতে পেয়ে আদর করতে এসেছিলেন। তখনই সবাই হাবভাবে জানিয়ে দেয় যে এই লোকটি সাধারণ একজন অচেনা বৃদ্ধ। তা বুঝতে পেরে সত্যবানের কষ্ট হয় যে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ছেলে ছেলের বউ আর স্ত্রী এতটাই দূরে ঠেলে দিয়েছেন যে আজ নিজের বাবা বা স্বামী বলে স্বীকার করতেও তাদের বাঁধছে! পরবর্তীতে জানা যাবে কী কী কারণে তারা সত্যবানকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিল এবং সত্যবানের জীবনের অধিকাংশটাই অতিবাহিত হয়েছে বারাণসীর মন্দিরে জুতো সংরক্ষণের কাজে। 
যে মাস্টারমশাইকে একবাক্যে সবাই চিনত, যাঁর কাছে অংক শিখলে অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাত সেই প্যারাবোলা স্যারের জীবন যে এভাবে বদলাবে তা আশা করা যায়না। এবং উপন্যাসের শেষটায় এসে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হবে।

🌻পাঠ প্রতিক্রিয়া :- সাধারণ মানুষের কাছে এ উপন্যাস ঈশ্বর বানিয়ে তুলেছে যেমন প্যারাবোলা স্যারকে তেমনই কিছু ছাত্রছাত্রীও তাঁর কাছ হয়ে উঠেছিল ঈশ্বরসম। এই উপন্যাস এক কথায় অসাধারণত্বের কথা বলে যায়। নারায়ণ সান্যালের এই বইটা আমার কাছের একটি সম্পদ। এই বই পড়ে যে কত রকমের অনুভূতি হয়েছে বলা যায়না গুনে। এই বইয়ের প্রতিটা পাতায়, অক্ষরে একটা ছাপোষা সাধারণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে। এমনভাবেই দেখানো হয়েছে যে এই মানুষগুলোকে বর্তমানের আড়ম্বর সর্বস্ব জীবনে অতীব তুচ্ছ, সাধারণ, চোখে না পড়া মানুষ হিসেবে গণ্য করা হয় অথচ সেই সাধারণ মানুষগুলোই যে কীভাবে দেবতা হয়ে উঠতে পারে তার নিদর্শন বর্তমান এই বইতে। সবশেষে একটাই কথা বলবো এই বইটা জীবনে একবার অন্তত পড়ে দেখার জন্য। বহুদিন পড়ে একটা অসাধারণ বই পড়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে।

No comments:

Post a Comment

লকড রুম রহস্য সংকলন

📙বই :- লকড রুম রহস্য সংকলন  ✒️লেখক :- অমৃতেন্দু মুখোপাধ্যায়  🔖প্রকাশনী :- অনুরাগ প্রকাশনী  💰মুদ্রিত মূল্য :- ২৭৫ টাকা  ৫টি স্...